কাহারোলে বেড়েছে পাটের আবাদ, বাজারে দামও বেশী

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) :
| আপডেট: ৯ আগস্ট, ২০২৬, ০৩:৪১ পিএম | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৩:৪১ পিএম
কাহারোলে বেড়েছে পাটের আবাদ, বাজারে দামও বেশী

দিনাজপুরের কাহারোল উপজেলায় বেড়েছে পাটের আবাদ বর্তমান বাজারে গত বছরের তুলনায় দাম বেড়েছে দেড় গুণ। গতকাল রবিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পাট চাষীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিলা শ্রমিক ও পুরুষ শ্রমিক নিয়ে পাট জাত ও ছোড়ার কাজ এবং পাট শুকাতে ব্যস্ত দিন পার করছেন পাট চাষীরা। গতকাল রবিবার উপজেলার জয়নন্দ বাজারে প্রতি মণ পাট প্রকারভেদে বিক্রি হয়েছে ৪৮শত থেকে ৪ হাজার ৯ শত ৫০ টাকায়। পাট চাষী প্রফুল্ল চন্দ্র রায় বাজারে ১০ মণ পাট বিক্রি করে দাম পেয়েছেন ৪৯ হাজার টাকা। তিনি জানান পাটের খরচ বাদ দিয়ে তার লাভ হয়েছে ৩৪ হাজার টাকা। অপর পাট চাষী হরিশ চন্দ্র রায় বাজারে পাট বিক্রি করে ৩৩ শতক জমিতে তার লাভ হয়েছে ১৮ হাজার টাকা। বুলিয়া বাজারের কৃষক সবুজ জানায়, পাট আবাদ করে একদিকে যেমন পাটে লাভ হয় অন্যদিকে পাটখড়ি বিক্রি করে বিঘা প্রতি ৪ থেকে ৫ হাজার টাকা বাড়তি আয় হয়ে থাকে। তিনি আরো বলেন, গতবারের তুলনায় এবার পাটের দাম দেড় গুণ বেড়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবার পাটের ফলন ভালো হয়েছে বাজারে দামও বেশি। তাই পাট চাষ করে এবার লাভের মুখ দেখছেন কৃষকেরা। কৃষিবিভাগ জানায় চলতি পাট মৌসুমে উপজেলায় ৩৬০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে।  কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহিদুল ইসলাম বলেন, এবার আবহাওয়া অনুকুলে থাকায় এবার পাটের ফলন ভালো হয়েছে। বর্তমান বাজারে গতবছরের তুলনায় এ বছর পাটের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাই কৃষকেরা পাট চাষ করে লাভবান হচ্ছেন। কৃষিবিভাগ কৃষকদের পাট চাষে সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন যাতে করে চাষীরা ভালো মত পাটের চাষ করতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে