কুড়িগ্রামের রাজারহাটে সোমবার (১০ আগস্ট) দুপুরে ছিনাই ইউনিয়নের পূর্ব দেবত্তর গ্রামের বুড়িদহ বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৫ জন। এদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। নিহত রুবেল মিয়া রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন- মোজাম্মেল হক (২৮), আব্দুর রহমান (৩২), আমিনুল ইসলাম (১৯), শাকিল মিয়া (২২) ও আনিছুর মিয়া (২৯)। তাদের সকলের বাড়ি হরিশ্বর তালুক গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য ইছাহাক আলীসহ কয়েকজন জানান, দুপুরে কয়েকজন জেলে বুড়িদহ বিলে মাছ ধরতে যায়। এ সময় একটি বৈদ্যুতিক সংযোগের বাঁশের খুঁটি ভেঙে বিলের পানিতে পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন জেলেরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এতে ঘটনাস্থলেই রুবেল মিয়ার মৃত্যু হয়। রাজারহাট থানার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।