প্রাণনাশের হুমকি পেলেন সৌরভ গাঙ্গুলী

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৮:৪৩ পিএম
প্রাণনাশের হুমকি পেলেন সৌরভ গাঙ্গুলী

ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলী প্রাণনাশের হুমকি পেয়েছেন। শুধু সৌরভ নন, তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাস ধরে সৌরভের কাছে একাধিক হুমকিসূচক চিঠি আসছিল। তবে সর্বশেষ চিঠি পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। সৌরভের ব্যবস্থাপকের করা অভিযোগ অনুযায়ী, তার কার্যালয়ে দুটি চিঠি আসে। ওই চিঠি দুটিতে সরাসরি সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের স্বজন ও ঘনিষ্ঠজনদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করেন সৌরভ। এরপর হুমকির চিঠির উৎস এবং এর পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। চিঠির ভাষা, কোথা থেকে চিঠি পাঠানো হয়েছে এবং কোন কুরিয়ার সার্ভিস ব্যবহার করা হয়েছে-এসব তথ্য বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চিঠি দুটি উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার এক ব্যক্তি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকতে পারেন। চিঠি পাঠাতে ব্যবহৃত সন্দেহভাজন সিম কার্ডের অবস্থান ও গতিবিধিও নজরদারিতে রাখা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ। কুরিয়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে একটি মোবাইল নম্বর শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা। নম্বরটির বর্তমান অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, গত কয়েক মাসে সৌরভের কাছে আসা সব হুমকির চিঠি একই ব্যক্তি বা একই চক্র পাঠিয়েছে কি না। পাশাপাশি এই হুমকির পেছনে উদ্দেশ্য কী এবং অভিযুক্ত ব্যক্তি একাই এর সঙ্গে জড়িত, নাকি এর পেছনে আরও কেউ রয়েছে, সেটিও তদন্তের আওতায় রয়েছে। এক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে এ ধরনের হুমকির চিঠি আসার অভিযোগ রয়েছে। শুরুতে বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। তবে সর্বশেষ দুটি চিঠিতে সৌরভ ও তার স্ত্রীকে সরাসরি হত্যার হুমকি দেওয়ায় এবার পুলিশি তদন্ত শুরু হয়েছে। সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক। তার নেতৃত্বে ভারতীয় দল বিদেশের মাটিতে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল ভারত। খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সৌরভ। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি সিএবির সভাপতির দায়িত্বে রয়েছেন।