মুন্সীঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের কমিটি গঠন নিয়ে বিতর্ক ও ক্ষোভ সৃস্টি হয়েছে, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঘন্টাব্যপী কলেজ গেটের সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ করেছেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় এলাকাবাসী ও বিএনপির কিছু নেতাকর্মীরা। তারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেন নিয়মবহির্ভূতভাবে এবং সংশ্লিষ্টদের না জানিয়ে পরিচালনা পর্ষদের কমিটি অনুমোদন দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, কলেজের পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়মনীতি অনুসরণ করা হয়নি। সংশ্লিষ্টদের মতামত না নিয়ে একটি ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন। তাদের দাবি, অনিয়মের মাধ্যমে গঠিত এই কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিক ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করতে হবে। কলেজ অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান বলেন, গত তিন মাস আগে নিয়ম মেনে প্রস্তাব করা হয়। এরপর কমিটি অনুমোদন হয়েছে। কলেজের বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু অভিযোগ অস্বীকার করে বলেন, আইন ও বিধি মেনেই পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়েছে। একটি প্রতিপক্ষ গ্রুপ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে তিনি দাবি করেন।