খুলনা সাতক্ষীরা মহাসড়কের দুধারে

নগরঘাটা শাকদহ বিলে মৎস্য ঘেরে সবজি চাষে সফল চাষীরা

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) :
| আপডেট: ১২ আগস্ট, ২০২৬, ০৮:০৫ পিএম | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৮:০৫ পিএম
নগরঘাটা শাকদহ বিলে মৎস্য ঘেরে সবজি চাষে সফল চাষীরা

মৎস্য ঘেরের আইলে সবজি আর নিচে পানিতে মাছ-এ যেন মাছ ও সবজিতে একাকার হয়ে গেছে। ক্রমেই বাড়ছে সমন্বিত এই চাষ পদ্ধতি। ফলে ঘেরের আইলে মাচা পদ্ধতিতে সবজি চাষে যেমন দেখা দিচ্ছে সম্ভাবনার হাতছানি, তেমন স্বাবলম্বী হচ্ছে শত শত পরিবার। সাতক্ষীরা জেলার তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দু’পাশে চোখে পড়বে নয়নাভিরাম সবুজ দৃশ্য। এতে একই জমির বহু ব্যবহারে কৃষকদের আয় যেমন কয়েক গুণ বেড়েছে, তেমনি দেশের সবজির চাহিদা মেটাতে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে তালার কৃষকরা রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। এ প্রসঙ্গে তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, নগরঘাটা ইউনিয়ন,সরুলিয়া, খলিষখালী  ও পার্শ্ববর্তী ইউনিয়নসমূহে ব্যাপকভাবে এই চাষ হচ্ছে। উপজেলাজুড়ে ২৭৬ হেক্টর জমিতে সমন্বিত চাষ হয়েছে। এসব সবজি সম্পূর্ণ ভেজালমুক্ত। মৎস্য ঘেরের আইলে সবজি চাষ খুবই লাভজনক।

সরেজমিনে দেখা গেছে,পাটকেলঘাটা  সাতক্ষীরা-খুলনা মহাসড়ক সংলগ্ন তালার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি, নগরঘাটা ও শাকদাহ বিলে শত শত হেক্টর মৎস্য ঘেরের আইলে মাচা পদ্ধতিতে সবজি ও মাছের চাষ হচ্ছে। প্রতিটি মৎস্য ঘেরের আইলে লাউ, কুমড়া, করলা (উচ্ছে), কুশি, খিরাই, বেগুন, পুঁইশাক, বরবটি, ধুন্দুল, ঝিঙে ও লালশাক চাষে বাম্পার ফলন হয়েছে। মাচায় ঝুলছে হাজার হাজার করলা, শত শত লাউ ও কুমড়া। একই সঙ্গে ঘেরের বেড়িবাঁধে লাগানো হয়েছে পুঁইশাক ও ঢেঁড়শ। উল্লেখযোগ্যভাবে কিছু ঘেরে তরমুজ চাষেও সফলতা এসেছে।

পাটকেলঘাটা এলাকার কৃষক শহিদুল ইসলাম জানান, তিন বিঘা মৎস্য ঘেরে মাচা পদ্ধতিতে লাউ, কুমড়া ও করলা চাষ করেছেন। মাঘ মাস পর্যন্ত মাছের পাশাপাশি সবজি উৎপাদন চলবে। পানি শুকিয়ে গেলে ধান রোপণ করবেন।

তিনি আরও জানান, তার তিন বিঘা জমির ঘেরে নেট, বাঁশ ও কটসুতা দিয়ে মাচা তৈরিতে ছয় হাজার টাকা খরচ হয়েছে। উৎপাদিত সবজি বিক্রি করে আয় অর্ধ লক্ষ টাকা ছাড়িয়েছে।

কয়েক বছর ধরে মাচা পদ্ধতিতে চাষ করা আব্দুর রহিম সরদার বলেন, প্রতিবছর মাচা তৈরির খরচ হয় না; দুই-তিন বছর পরপর মাচা তৈরি করতে হয়। এতে লাভের পরিমাণ কয়েক গুণ বাড়ে। পার্শ্ববর্তী সফল মৎস্য চাষি হাবু, আমিনুর, সেলিম সরদার, আবুহোসেন, ও আমান উল্লাহর ঘেরেও একই দৃশ্য। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজের সমারোহ-যা প্রকৃতিকে দিয়েছে মনোরম রূপ। প্রত্যেকের ঘেরের মাচায় ঝুলছে করলা, লাউ ও কুমড়া। এভাবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃষকরা ঘেরের আইলে মাচা পদ্ধতিতে চাষাবাদ করে কৃষিতে বিপ্লব সৃষ্টি করছেন। এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, সমন্বিত পদ্ধতিতে ঘেরের আইলে সবজি ও নিচে মাছ চাষে মৎস্যচাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় তালা উপজেলার বেশ কিছু এলাকায় সমন্বিত এ চাষ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে সহকারী কৃষি কর্মকর্তারা সর্বক্ষণ তদারকি করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে