পরিত্যক্ত কচুরিপানায় ভরা একটি ডোবায় ভাসছিল এক বৃদ্ধের মরদেহ। স্থানীয় মাদরাসার শিক্ষার্থীদের নজরে আসার পর খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে উদ্ধারের পর মরদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি আব্দুস সালাম ওরফে সালু (৭২)। তিনি পাশের ফুলবাড়ী উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের খামখেয়ালী বাজার এলাকার মৃত হযরত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে সুমন (৩০)।
নিহতের ছেলে সুমন জানান, সোমবার (১৭ আগস্ট) সকালে তার বাবা নিজ বাড়ি থেকে ত্রিশালের মঠবাড়ি ইউনিয়নের অলহরী দুর্গাপুর এলাকায় তার স্ত্রীর বড় বোন জ্যাঠাস খোদেজা বেগমকে (৬৫) চিকিৎসকের কাছে দেখাতে নিয়ে আসেন। পরে দুপুরে ময়মনসিংহ শহরে চিকিৎসা শেষে রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
কিন্তু পরদিন সকালে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরই মধ্যে মঠবাড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুবেলের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক রুবেল জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।