কাপাসিয়ায় চোরাই গরুসহ দুইজন আটক, পুড়িয়ে দেওয়া হলো টমটম

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ১১:৪৫ এএম
কাপাসিয়ায় চোরাই গরুসহ দুইজন আটক, পুড়িয়ে দেওয়া হলো টমটম
কাপাসিয়ায় চোরাই গরুসহ দুইজন আটক, পুড়িয়ে দেওয়া হলো টমটম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়ায় গরু চুরির অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাদের বহনকারী টমটমে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া এলাকার গোসিংগা খেয়াঘাটে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, কিশোরগঞ্জের নান্দাইল উপজেলার বেতাগুর এলাকার আব্দুল জালু মিয়ার ছেলে মিজান (৩৫) ওরফে সোহাগ এবং কিশোরগঞ্জের নেয়ামতপুর এলাকার আব্দুল আশিদ মিয়ার ছেলে রফিক (৪০)।

স্থানীয়রা জানান, একটি লাল রঙের ষাঁড় গরু খেয়াঘাট এলাকায় নিয়ে এসে টমটমে তোলার চেষ্টা করছিলেন ওই দুই ব্যক্তি। পরে গরুটির মালিকানা ও কোথা থেকে আনা হয়েছে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। জিজ্ঞাসার একপর্যায়ে গরুটি রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা পাশের কচুক্ষেত থেকে তাদের আটক করেন। খবর পেয়ে গরুটির মালিক মনির হোসেন রতন ঘটনাস্থলে এসে গরুটি শনাক্ত করেন। তিনি রায়েদ ইউনিয়নের বাগেরহাট গ্রামের মৃত সাদির আকন্দের ছেলে। মনির হোসেন রতন বলেন, আমার তিনটি গরুর মধ্যে লাল রঙের ষাঁড়টি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি, দরদরিয়া গোসিংগা খেয়াঘাটে গরুসহ দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে এসে দেখি, এটি আমার গরু।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। স্থানীয় রফিকুল ইসলাম বলেন, গরুটি কোথা থেকে আনা হয়েছে জানতে চাইলে আটকরা স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি। পরে গরুটি রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধরে ফেলেন। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা গরুটি চুরি করে আনার কথা স্বীকার করেন। এদিকে স্থানীয়দের অভিযোগ, আটক মিজান ওরফে সোহাগ দীর্ঘদিন ধরে বাগেরহাট এলাকার জামান মিয়ার বাড়িতে থেকে কৃষিকাজ করতেন। তবে এর আড়ালে তিনি বিভিন্ন সময়ে গরু চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে তাদের দাবি।

স্থানীয়দের ভাষ্য, ওই এলাকায় এর আগেও একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। তবে মিজানের স্বাভাবিক চলাফেরার কারণে তার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে, যা সহজে বোঝা যেত না। আটকের খবর ছড়িয়ে পড়লে গোসিংগা খেয়াঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটক দুইজনকে থানায় নিয়ে যান। এর আগে উত্তেজিত জনতা গরু বহনে ব্যবহৃত টমটমটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, এটি কি বিচ্ছিন্নভাবে সংঘটিত একটি গরু চুরির ঘটনা, নাকি এর পেছনে আরও কেউ জড়িত ? একই এলাকায় অতীতে গরু চুরির অভিযোগ থাকায় বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যোবায়ের হোসেন বলেন, স্থানীয় জনতা গরুসহ দুইজনকে আটক করে থানায় খবর দিয়েছে। পরে পুলিশ পাঠিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, একই দিন সকালে তরগাঁও ইউনিয়নের ফিরুজ পাগলার ছেলে কাজল নামের আরো একজনকে গরু চোর সন্দেহে স্থানীয়রা আটক করে থানায় দিয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
আপনার জেলার সংবাদ পড়তে