সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইমাম-আলেমদের নিয়ে দোয়া-মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বরিশাল মহানগর শাখার আয়োজনে গত ১৭ আগস্ট বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
জাতীয়তাবাদী ওলামা দলের বরিশাল মহানগর শাখার আহবায়ক প্রিন্সিপাল মাওলানা মো. ওয়ালী উল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাওলানা মো. শামীমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক প্রফেসর মো. সোলায়মান, ডাঃ মো. এনায়েত হোসেন লোকমান, ২৫ নম্বর ওয়ার্ড ওলামা দলের আহবায়ক মাওলানা মো. রিয়াজ উদ্দিন, মহানগর ওলামা দলের সদস্য মাওলানা মো. আল-আমিন, হাফেজ মাওলানা শাহ আলম প্রমুখ।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা মো. ওয়ালী উল্লাহ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি আরও বলেন, ইমাম ও আলেম সমাজ ন্যায়, সত্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের শান্তি ও মানুষের কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।