কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০৪ পিএম
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীসহ বিভিন্ন ট্রেডে মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হারুনুর রশীদ চৌধুরী বলেন, কারিগরি শিক্ষা হলো বর্তমান বিশ্বের মূল চালিকাশক্তি। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু ফলাফলের দিক থেকেই নয়, দেশের শিল্প ও প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।

তিনি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান প্রশিক্ষক (নন-টেক) মো. ইকবাল হোসেন, অ্যাপারেল বিভাগের বিভাগীয় প্রধান এনায়েতে রাব্বি ইয়াছিন এবং ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ফারুখ হোসেন সরকার।

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে আইরিন সুলতানা (অ্যাপারেল), মাসুদা আক্তার সানজিদা (অ্যাপারেল) ও তাওরিন ইসলাম বুশরা (আইটি সাপোর্ট)।

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, এই অর্জন ও সম্মাননা তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও উচ্চশিক্ষায় আরও ভালো করার জন্য অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর দেলোয়ার হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে