লক্ষ্মীপুরে মাদক ও সন্ত্রাসবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ পিএম
লক্ষ্মীপুরে মাদক ও সন্ত্রাসবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান

মাদক, সন্ত্রাস, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে লক্ষ্মীপুরে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। দিন-রাত জেলার বিভিন্ন এলাকায় চলছে অভিযান ও টহল। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। এসব অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।

মঙ্গলবার রাতেও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল হোসেন বাবুকে ইয়াবাসহ গ্রেপ্তার করে রায়পুর থানা পুলিশ। একই দিনে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বিগত দিনগুলো পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে সন্ত্রাসী ও মাদক কারবারিরা ফের সক্রিয় হয়ে উঠেছিল। এতে হত্যা, মাদক, সন্ত্রাস ও ডাকাতির মতো ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

স্থানীয়দের দাবি, শুধু শহরকেন্দ্রিক নয়, গ্রামাঞ্চলেও অভিযান অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে কয়েক দিন অভিযান চালিয়ে পরে তা থেমে না গিয়ে নিয়মিত নজরদারি ও অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন তারা।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের পাশাপাশি প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা চান স্থানীয়রা। তাদের প্রত্যাশা, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে লক্ষ্মীপুরে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে