চাঁদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব “শুভ জন্মাষ্টমী” উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সভায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে সার্বিক পরিকল্পনা তুলে ধরেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। এ সময় তারা নিরাপত্তা বিষয় বিভিন্ন প্রস্তাব ও মতামত পেশ করেন এবং উৎসব উদযাপনে জেলা পুলিশের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জন্মাষ্টমী উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার সংশ্লিষ্ট সকল ইউনিটকে উৎসব চলাকালীন সময়ে সতর্ক থাকার এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি মন্দির ও পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষচন্দ্র রায়, সাধারণ সম্পাদক কমল কুমার ঘোষসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। চাঁদপুর পুলিশ মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।