সেনবাগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৭:৩৫ পিএম
সেনবাগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সেনবাগ থানার উদ্যোগে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট মোড়ে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ওমর ফারুকের সঞ্চালনায় এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আক্কাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।

বিশেষ অতিথি ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার, ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন এবং কৃষক দলের আহ্বায়ক মজিবুল হক মজু।

অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল আজিম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুর রহমান, ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি সবুজ, ১ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ ছাড়া যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম রোমান, ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস, যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম মিনু, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক টিটু ও যুবদল নেতা জিয়াউল হক জিয়া।

ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বাহার উল্যাহ সুমনসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব পড়ছে পরিবার ও সামাজিক জীবনে। তাই মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। মাদকমুক্ত ও আদর্শ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, মাদকবিরোধী এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ডমুরুয়া ইউনিয়নসহ পুরো সেনবাগ উপজেলাকে মাদকমুক্ত করতে জনসম্পৃক্ততা আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে