রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আজ

এফএনএস | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ১০:৪৯ এএম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হতে যাচ্ছে এবার। এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন, ব্যালট কীভাবে গ্রহণ ও পূরণ করবেন এবং ভোট গণনা শেষে কীভাবে ফল ঘোষণা হবে, তা জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে গত মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানান বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় গত মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্টের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জানান, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোট শুরুর আগে নির্বাচনকর্তা প্রধান নির্বাচন কমিশনার ভোট গ্রহণের পদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করবেন। এরপর ভোট গ্রহণ শুরু হবে। ভোট দেওয়ার প্রক্রিয়া তুলে ধরে আখতার আহমেদ বলেন, ব্যালট পেপারের দুটি অংশ থাকবে। একটি মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট পেপার। মুড়ি অংশে থাকবে ক্রমিক নম্বর, ভোটদানকারী সংসদ সদস্যের নাম এবং বিভক্তি নম্বর। এর নিচে একটি নির্দিষ্ট স্থানে সংশ্লিষ্ট সংসদ সদস্য পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। এরপর ব্যালট পেপার গ্রহণ করবেন। মূল ব্যালট পেপারের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী মুদ্রিত থাকবে। প্রার্থীদের নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দেবেন। ভোট দেওয়ার পর নির্ধারিত ব্যালট বাক্সে ব্যালট পেপার জমা দিতে হবে। বিকেল ৫টা পর্যন্ত ব্যালট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরই ব্যালট গণনা শুরু হবে। ইসি সচিব জানান, মোট ভোটার ৩৪৯ জন। গণনার সময় কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ হয়েছে, কতটি বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে, তা হিসাব করা হবে। এরপর প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোটের হিসাব করা হবে। যে প্রার্থী বেশি ভোট পাবেন, তাকে নির্বাচনকর্তা বিজয়ী ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশনে ফিরে ফলাফল অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে। এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনি কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সহায়ক কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদসহ ২০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ইসির উপ-সচিব উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ আগামী ২০ আগস্ট অনুষ্ঠানের জন্য ৬ আগস্ট সময়সূচি ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করবেন। উক্ত নির্বাচন পরিচালনায় নির্বাচনি কর্তাকে দাফতরিক সহায়তা প্রদানসহ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিনে অর্থাৎ বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুর ২টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দায়িত্ব পালনের জন্য ২০ কর্মকর্তাকে নিয়োগ করা হলো। অফিস আদেশ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ.টি.এম. শামীম মাহমুদ, সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া, একান্ত সচিব এ এস এম জাকির হোসেন, একান্ত সচিব এস এম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা এবং সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. ইকবাল হাসান।

আপনার জেলার সংবাদ পড়তে