সাপের আতঙ্কে এবার সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মরতরা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০২:০০ পিএম
সাপের আতঙ্কে এবার সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মরতরা

সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা। গত ২৩ আগস্ট দুপুর সাড়ে ১১টার দিকে কারখানার ভেতরে বিষধর সাপের কামড়ে নুসরাত জাহান নামে এক নারী কর্মচারী আহত হয়েছেন। তিনি ২০২৩ সালে খালাসী পদে নিয়োগ পেয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাপের কামড়ে আহত হওয়ার পর কারখানার ডিএসের গাড়িতে করে দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

এদিকে, সহকর্মীকে বিষধর সাপে কামড়ানোর ঘটনার পর গত দুই দিন ধরে সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। কারখানার বিভিন্ন স্থানে ঝোপঝাড়, আগাছা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় সেখানে বিষধর সাপের উপদ্রব রয়েছে বলে অভিযোগ করছেন কর্মীরা। শ্রমিক-কর্মচারীরা জানান, কর্মস্থলে প্রতিদিন তাদের দীর্ঘ সময় কাজ করতে হয়। সাপের ভয় নিয়ে কাজ করায় স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে। দ্রুত কারখানা এলাকায় ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার, সাপের উপদ্রব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা।

আপনার জেলার সংবাদ পড়তে