শুরু হলো ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬’

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৩:২১ পিএম
শুরু হলো ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬’

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) উদ্যোগে এবং জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’-এর পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী বর্ণাঢ্য ক্রীড়া উৎসব ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬’। ২৫ আগস্ট (মঙ্গলবার) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন ‘হোম অব বিএসপিএ’-তে ক্যারম ইভেন্টে বল টোকা দিয়ে এই আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক আসমা আশরাফী সাকলাইন। বিএসপিএর যুগ্ম-সম্পাদক ফয়সাল তিতুমীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। এ সময় তিনি কার্নিভালের বিভিন্ন রোমাঞ্চকর দিক তুলে ধরে সব সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান এবং সরকার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহেদ পারভেজ চৌধুরী ক্রীড়া সাংবাদিকদের পেশাগত কাজের পাশাপাশি এমন স্বাস্থ্যকর আয়োজনের প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে ক্রীড়াঙ্গনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক আসমা আশরাফী সাকলাইন বলেন, দেশের খেলাধুলার সার্বিক উন্নয়নে ‘কিউট’ ব্র্যান্ড ভবিষ্যতেও এ ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখবে।

 উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসপিএর সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মল্লিক ও মোহাম্মদ সামন হোসেন, সংগঠনের আজীবন সদস্য সেলিম নজরুল হক, অর্থ সম্পাদক শাহজাহান কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহিদুল আলমসহ সংগঠনের অন্যান্য জ্যেষ্ঠ সদস্যবৃন্দ।

১২ ডিসিপ্লিনের লড়াই: আয়োজকরা জানান, এবারের কার্নিভালে বিএসপিএর শতাধিক সদস্য মোট ৮টি ইভেন্টের ১২টি ডিসিপ্লিনে লড়ছেন। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে-আর্চারি,ক্যারম (একক ও দ্বৈত),টেবিল টেনিস (একক ও দ্বৈত)দাবা,সাঁতার,অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট),কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন),শুটিং। ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে দুই সপ্তাহ ধরে এই প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে