একক গান নয়, এবার পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে আসছেন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। শুধু গায়িকা হিসেবে নয়, নতুন এই আয়োজনের মাধ্যমে সুরকার ও গীতিকবি জেফারকেও আরও জোরালোভাবে তুলে ধরতে চান তিনি। অ্যালবামটির নাম, গানের সংখ্যা কিংবা সংগীতের ধরন এখনো প্রকাশ করেননি এই শিল্পী। তবে জানিয়েছেন, বহুদিন ধরে গান লেখা ও সুর করার কাজ চলছে এবং নতুন অ্যালবামে সংগীত নিয়ে তার নানা নিরীক্ষার ছাপ থাকবে।
জেফারের কথায়, গান লেখা ও সুর করার সময় তিনি বরাবরই নতুন কিছু করার চেষ্টা করেন। এমন কিছু করতে চান, যা সময়ের গণ্ডি পেরিয়েও শ্রোতাদের কাছে প্রাসঙ্গিক থাকবে। সংগীত নিয়ে যত ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব, সেগুলো করার চেষ্টা করেন তিনি। নতুন অ্যালবামেও সেই ভাবনার প্রতিফলন থাকবে বলে জানিয়েছেন এই শিল্পী।
তবে অ্যালবামের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না জেফার। নাম, গানের সংখ্যা ও সংগীতের ধরনসহ বাকি তথ্য খুব শিগগিরই সবাইকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে একক গান বা অ্যালবামের চেয়ে প্লেব্যাকেই বেশি ব্যস্ত দেখা গেছে জেফারকে। বিভিন্ন সিনেমা, ওয়েব সিনেমা ও সিরিজে তার গাওয়া গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। একই সময়ে অভিনয় ও মডেলিংয়েও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ফলে কণ্ঠশিল্পীর পাশাপাশি অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও সুরকার ও গীতিকবি হিসেবে তার কাজ কিছুটা আড়ালেই ছিল।
নতুন অ্যালবামের মাধ্যমে সেই পরিচয় আরও স্পষ্ট হবে বলে মনে করছেন জেফার। সংগীতে নিজের ভাবনা ও নিরীক্ষাকে সামনে আনার পাশাপাশি শ্রোতাদেরও নতুন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা থাকবে তার।
অভিনয়ের ক্ষেত্রেও এরই মধ্যে দর্শকের নজর কেড়েছেন জেফার। শিহাব শাহীন পরিচালিত ‘তুমি আমি শুধু’ ওয়েব সিনেমায় সুবাহ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর আগে ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ওয়েব সিনেমা এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’ সিরিজেও অভিনয় করেছেন জেফার।
অভিনয়ের পাশাপাশি এসব কাজের কিছু গানে প্লেব্যাক শিল্পী হিসেবেও পাওয়া গেছে তাকে। ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’-এর সঙ্গে তার গাওয়া ‘সুন্দরী কমলা’ এবং ‘বৈয়াম পাখি ২.০’ শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। ‘তুমি আমি শুধু’ ওয়েব সিনেমাতেও অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক করেছেন তিনি। সিনেমাটিতে তার গাওয়া ‘তোর ছায়া’ গানটিও সংগীতপ্রেমীদের কাছে প্রশংসা পেয়েছে।
জেফারের সংগীতজীবনের আরেকটি বৈশিষ্ট্য হলো ধারাবাহিকভাবে ভিন্ন ভিন্ন ঘরানায় কাজ করা। মেলো-রোমান্টিক, পপ-রক, টেকনো ও ফোক ফিউশনসহ নানা ধরনের গানে তাকে পাওয়া গেছে। ‘ঝুমকা’, ‘তীর’ ও ‘আড়ালে হারালে’র মতো গানের পাশাপাশি ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’, ‘দাগি’র ‘নিয়ে যাবে কি’, ‘ইনসাফ’র ‘ধামাকা’ এবং ‘ন ডরাই’র ‘হারবো না’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
গান ও অভিনয়, দুই ক্ষেত্রেই কাজের স্বীকৃতিও পেয়েছেন জেফার। সময়ের সঙ্গে তার প্রতি দর্শক-শ্রোতার প্রত্যাশা বাড়ছে। এবার নিজের সুরে অ্যালবাম প্রকাশের ঘোষণায় সেই প্রত্যাশা আরও বেড়েছে। অ্যালবামের বিস্তারিত প্রকাশের অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা।