গাজীপুরের কাপাসিয়ায় ''নজরুল বর্ষ ২০২৬-২৭'' উপলক্ষ্যে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, হরিমঞ্জুরী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন প্রমুখ।
জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ছাত্র-ছাত্রীদের মাঝে সৃজনশীল বিকাশ ও প্রতিভা অন্বেষণ, জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করার উপর গুরুত্ব দিয়ে নজরুল বর্ষ পালিত হচ্ছে।
প্রধান অতিথির উদ্বোধনীর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা পাঠ ও চল্ চল্ চল্, দুর্গম গিরি কান্তার মরু ও একি অপরুপ রূপে মা তোমার, গানগুলো পরিবেশন করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ মে ২০২৬ থেকে আগামী ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত সময়কালকে 'নজরুল বর্ষ ২০২৬-২৭' আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ক্যালেন্ডার ও নির্দেশনা অনুযায়ী বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ও অগ্রগতি প্রতিবেদন প্রেরণের কার্যক্রম চলছে। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমের জন্য প্রকাশিত সূচি অনুযায়ী ৩১ আগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় উপজেলা পর্যায়ে নজরুলের সৃষ্টি ও আদর্শ তুলে ধরতে সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।