ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ কাটার সময় ডাল পরে মোহাম্মদ মোস্তাফা (৪৫) নামে এক কাঠুরিয়া মারা গেছেন। সোমবার (৩১আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে গফরগাঁও থানায় নিয়ে গেছে।
নিহত মোহাম্মদ মোস্তাফা পাশ্ববর্তী গাজীপুরে শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের মৃত শামছুল আলমের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের জনৈক মোঃ শাহজাহানের বাড়িতে শ্রমিক হিসেবে গাছ কাটতে আসেন নিহত মোহাম্মদ মোস্তাফা সহ ৪॥৫ জন কাঠুরিয়া। বেলা সাড়ে ১১টার দিকে এক শ্রমিক লম্বরি গাছে উঠে বড় একটা ডাল কাটছিলেন এবং মোহাম্মদ মোস্তাফা সহ তিনজন নিচ থেকে দড়ি টানছিলেন। হঠাৎ ডাল নিচে পড়ার সময় অন্য দুই শ্রমিক দৌড়ে সরে যেতে পারলেও মোস্তাফা ডালের আঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ায় পথে সে মারা যায়।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান সেখ বলেন, গাছ কাটার সময় অসতর্কতায় এ দুর্ঘটনা ঘটে। তবে বিষয়টি খোঁজ নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠিয়েছি। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।