জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ধর্মীয় সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে চাঁদপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে দেয়ালিকা প্রকাশ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন মানবমুক্তি, সাম্য ও সম্প্রীতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর সাহিত্য আজও অন্যায়, বৈষম্য, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায়।
পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় কবির কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ আবৃত্তি অনুষ্ঠানে এক আবেগঘন ও মননশীল পরিবেশের সৃষ্টি করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরের উপাধ্যক্ষ আই কে হেলাল। শুভেচ্ছা বক্তব্য দেন নজরুল গবেষণা পরিষদ চাঁদপুরের সাধারণ সম্পাদক মো. আব্দুল গনি। সেমিনারে ‘নজরুল সাহিত্যে ধর্মীয় সম্প্রীতি: একটি পর্যালোচনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক ও পিএইচডি গবেষক মুহাম্মদ ফরিদ হাসান। বক্তারা নজরুলের সাহিত্যকর্মে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বহুমাত্রিক প্রকাশ তুলে ধরে বলেন, পরিবর্তনশীল সমাজবাস্তবতায় নজরুলের সাহিত্য ও দর্শনের প্রাসঙ্গিকতা অনস্বীকার্য। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘অনুপ্রেরণায় নজরুল’ শীর্ষক দেয়ালিকার মোড়ক উন্মোচন। এতে শিক্ষার্থীরা নজরুলের জীবন, সাহিত্য, দর্শন ও মানবিক চেতনার বিভিন্ন দিক ফুটিয়ে তোলেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরের অধ্যক্ষ ক্যাপ্টেন এসআইএম. জাহানইয়ার, বিএন (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুরের অধ্যক্ষ মো. নূর খান, কলেজের বাবুরহাট ক্যাম্পাসের উপাধ্যক্ষ মো. ফয়সল আহমেদ ফরাজী, স্কুলের উপাধ্যক্ষ মো. রেজাউল করিম, ড্যাফোডিল গ্রুপের করপোরেট অফিসার মো. মাহবুবুল হোসাইন, সহকারী করপোরেট অফিসার মো. ইকবাল হোসেন এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মুরাদ হোসেনসহ বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ার নজরুলের জীবনাদর্শ ও সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও সৃজনশীল মনন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরিশেষে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর চেতনা ধারণ করে একটি মানবিক, সাম্যভিত্তিক ও সম্প্রীতিময় সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।