চাঁদপুরে এসবি খালের উপর নতুন আরসিসি বক্স কালভার্টের শুভ উদ্বোধন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৩ পিএম | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৩ পিএম
চাঁদপুরে এসবি খালের উপর নতুন আরসিসি বক্স কালভার্টের শুভ উদ্বোধন

চাঁদপুর শহরবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ ও তীব্র যানজটের অবসান ঘটিয়ে এসবি খালের উপর নির্মিত নতুন আরসিসি বক্স কালভার্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

​দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী এসবি খালের আশেপাশের সড়কে তীব্র যানজট লেগেই থাকত, যা সাধারণ পথচারী ও এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয় সংসদ সদস্য এবং জেলা পরিষদ প্রশাসকের আন্তরিক প্রচেষ্টায় খালের উপর এই বিকল্প কালভার্ট নির্মাণ করে রাস্তা প্রশস্ত করার কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। এর ফলে এই জনবহুল এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার নতুন দুয়ার উন্মোচিত হলো।

​উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম। এ সময় বিশেষ অতিথি ও আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, সহকারী প্রকৌশলী হোসাইন আহাম্মদ খান এবং ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মিহির মল্লিক, শাহজালাল, আলামীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।

​প্রাক্কলিত ব্যয় হিসেবে ৫০ লক্ষ (৫০,০০,০০০/-) টাকা নির্ধারণ করা এই প্রকল্পের বাস্তবায়ন করছে জেলা পরিষদ, চাঁদপুর। উদ্বোধনের পর স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করে বলেন, এই বক্স কালভার্টটি চালু হওয়ায় ওই এলাকার দীর্ঘদিনের যানজট নিরসন হবে এবং পণ্য পরিবহনসহ সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত বহুগুণ সহজতর হবে।

আপনার জেলার সংবাদ পড়তে