মহাসড়কে নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতির ঘোষণা করেছেন শ্রমিক ইউনিয়ন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্ত:জেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে শ্রমিক ইউনিয়নের নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজধানীসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। আকস্মিক এই ধর্মঘটের কারণে টার্মিনালে এসে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই বিকল্প উপায়ে এবং বাড়তি ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যেস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, বুধবার সকালে জামালপুরের নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি যাত্রীবাহী বাস আটকে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় বাস দুটি ব্যাপক ভাঙচুর ক্ষতিগ্রস্থ করা হয় এবং চালক ও সহযোগীদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। এছাড়া শ্রমিকদের কাছে থাকা ট্রিপের নগদ টাকাও ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেন তারা। শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, মহাসড়কে চালক ও শ্রমিকদের জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। একই সঙ্গে হামলায় জড়িতদের সন্ত্রাসীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এ সময় জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন,বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর এবং চালকসহ সহকারীদের মারধর করে কতিপয় কিছু সন্ত্রাসী। এ সময় বাস থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এজন্য তারা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। তারা আরো বলেন,চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তঃবাস চলাচল বন্ধ রাখাসহ বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েয়েন পরিবহন নেতারা।
উল্লেখযে, গত ৩১ আগস্ট(মঙ্গলবার)দিবাগত রাত ৭টার দিকে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি অটোরিকশার ওপর উল্টে পড়লে ঘটনাস্থলে চারজন নিহত হন। এ দুর্ঘটনার প্রতিবাদে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে বুধবার দুপুরে সদর উপজেলার নান্দিনা এলাকায় স্থানীয় লোকজন মানববন্ধন করে।পরে বিক্ষোব্ধ জনতা সেখানে রাজীব পরিবহনের দুটি বাস ভাঙচুর চালায়। ওই রাতেই বাস মালিক সমিতির পক্ষ থেকে একটি মামলা দায়ের করেন।
বাস শ্রমিকদের অভিযোগ, বাস ভাঙচুরের পাশাপাশি চালকদের মারধর করা হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করে বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তারা।