বন্যহাতির তান্ডবে আমন ফসলের ব্যাপক ক্ষতি

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৬ পিএম
বন্যহাতির তান্ডবে আমন ফসলের ব্যাপক ক্ষতি

গত কয়েক দিন ধরে  বন্যহাতির দল শেরপুরের নালিতাবাড়ীর বুরুঙ্গা কালাপানিসহ পাহাড়ি এলাকায় তান্ডব চালিয়ে উঠতি আমন ফসলের ব্যাপক ক্ষতি করে আসছে। গত মঙ্গলবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী আন্ধারুপাড়া খলচান্দা এলাকায় হাতির দল তান্ডব চালিয়ে ফসল খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে তছনছ করেছে।

জানা গেছে, ওই রাতে ১৫/২০ টির বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে বারোমারী মিশন ও আন্ধারুপাড়া এলাকার খলচান্দা কোচপল্লী যাওয়ার সড়কের পাশে রোপিত আমন ফসলের মাঠে নেমে আসে। এ সময় হাতির দল কৃষক সমর আলীর ১ একর, ফোরকান আলীর ১ একর ৩০ শতাংশ, উমর আলী ৫৫ শতাংশ, ইমান আলীর ৫৫ শতাংশ ও শিষ্টন কোচের ১০ শতাংশ জমিতে হানা দিয়েতান্ডব চালিয়ে উঠতি ফসল খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে তছনছ করে।

ক্ষতিগ্রস্থ কৃষক ইমান আলী বলেন, মঙ্গলবার রাতে হাতির দল আমাদের ধান ক্ষেতে হানা দেয়। এতে আমাদের আমন ফসলের অনেক ক্ষতি হয়েছে। সরকারের কাছে আমরা এই ফসলের ক্ষতিপূরণ দাবি করছি

এ বিষয়ে ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থ কৃষকরা থানায় জিডি করার পর বনবিভাগের নির্ধারিত ফরমে আবেদন করলে তদন্ত সাপেক্ষে তাদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে। ইতোমধ্যেই অনেক কৃষক তাদের ক্ষতিপূরণ পেয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে