বগুড়ার শেরপুরে একই রাতে খাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশ্রম মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে বিদ্যালয় ও মন্দির কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের ধারণা, মাদকসেবীদের একটি চক্র এসব চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিদ্যালয় ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
খাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, চোরেরা বিদ্যালয় থেকে দুটি বৈদ্যুতিক ফ্যান, সততা স্টোরের নগদ টাকা নিয়ে গেছে এবং আলমারি ভেংগে ফাইলগুলো তছনছ করে ফেলেছে।এছাড়া মন্দির থেকে দানের টাকা, কাঁসার থালা-বাসন ও পূজার বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে নৈশপ্রহরী না থাকায় রাতে নিরাপত্তাব্যবস্থা দুর্বল থাকে। এ সুযোগে চোরেরা বিদ্যালয়ে প্রবেশ করে প্রয়োজনীয় মালামাল নিয়ে যাচ্ছে। বিদ্যালয়ে দ্রুত নৈশপ্রহরী নিয়োগসহ নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মুন্নাফ হোসেন জানান, এলাকায় মাদকসেবীদের আনাগোনা রয়েছে। তাদের ধারণা, মাদকের টাকা জোগাড় করতে কেউ কেউ চুরির মতো অপরাধে জড়িয়ে পড়তে পারে। এ ধরনের ঘটনা বন্ধে রাতে পুলিশের টহল বৃদ্ধি এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি দাবি জানাই। এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, চুরির বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।