কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির অপচেষ্টার অভিযোগে নাটোরের লালপুরে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা যায়, আমনসহ বিভিন্ন মৌসুমে কৃষকদের সার চাহিদাকে কেন্দ্র করে কেউ যাতে অবৈধভাবে সার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষকদের মাঝে সার সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে সার মজুদের অভিযোগ পাওয়া গেলে ৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় তাদের মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবির হোসেন।
উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, কৃষকদের সারপ্রাপ্তিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি, অনুমোদনবহির্ভূতভাবে সার মজুদ কিংবা কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সার বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ মজুদ ও অতিমুনাফার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।