বরিশালের মুলাদী উপজেলার ঐতিহ্যবাহী গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন দেওয়ান মো. মামুন হোসেন। গত ৩ সেপ্টেম্বর বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ৪ সদস্যেরর এই এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়। নবনির্বাচিত সভাপতি দেওয়ান মো. মামুন হোসেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনুমোদিত চার সদস্যবিশিষ্ট এই এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে সদস্য মনোনীত হয়েছেন মো. এমরান হোসেন এবং অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. শফিকুল ইসলাম। এছাড়া পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন সভাপতি মনোনীত হওয়ার পর দেওয়ান মো. মামুন হোসেন এক প্রতিক্রিয়ায় শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটিকে সুন্দর, সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত রাখতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবো। বিদ্যালয়ে যেন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি না ঘটে, সেদিকে নজর রাখা হবে। আমাদের প্রিয় প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত ও সুশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর দোয়া এবং পূর্ণ সহযোগিতা কামনা করছি।'
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এ শীর্ষ নেতা গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় সুশীল সমাজ, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন এই এডহক কমিটি বিদ্যালয়ের শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন এবং একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।