স্ত্রীর দুটি কিডনিই বিকল, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সোহানুর রহমান

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ এএম
স্ত্রীর দুটি কিডনিই বিকল, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সোহানুর রহমান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহানুর রহমান মিলনের স্ত্রী সেলিনা নাসরিন মারাত্মক জীবন-সংকটে পড়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর দুটি কিডনিই সম্পূর্ণ বিকল (ড্যামেজ) হয়ে গেছে। বর্তমানে উন্নত চিকিৎসার অভাবে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বিগত সরকারের মেয়াদে রাজনৈতিক মামলা, হামলা, গ্রেফতার এবং ধারাবাহিক জেল-জুলুমের কারণে দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছিল যুবদল নেতা সোহানুর রহমান মিলনকে। সেসময় পরিবারের প্রতি সঠিক খেয়াল রাখা বা স্ত্রীর শারীরিক অসুস্থতার সময়মতো সুচিকিৎসা করানো সম্ভব হয়নি। নিয়মতান্ত্রিক চিকিৎসার অভাবে ক্রমান্বয়ে সেলিনা নাসরিনের শারীরিক অবস্থার অবক্ষয় ঘটে এবং অবশেষে তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে পড়ে।

স্ত্রীকে বাঁচাতে এ পর্যন্ত সাধ্যের সবটুকু দিয়ে চিকিৎসা চালিয়ে গেছেন মিলন। তবে দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসার খরচ যোগাতে গিয়ে তিনি আজ পুরোপুরি নিঃস্ব ও সর্বস্বান্ত। বর্তমানে চিকিৎসকরা দ্রুত কিডনি প্রতিস্থাপন অথবা জরুরি ও ব্যয়বহুল উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন, যা বহন করা তাঁর পক্ষে আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এ অবস্থায় স্ত্রীর জীবন বাঁচাতে এবং সঠিক সুচিকিৎসার সুব্যবস্থা করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি দৃষ্টি আকর্ষণ ও মানবিক সহায়তা প্রার্থনা করেছেন মিলন। তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাঁর আকুল আবেদন ও কষ্টের কথা তুলে ধরতে চান। স্ত্রীর সুস্থতা ফেরাতে দলীয় প্রধান ও দেশের স্বহৃদয় ব্যক্তিবর্গের কাছে আকুল মানবিক আবেদন জানিয়েছেন এই ক্ষতিগ্রস্ত যুবদল নেতা।

আপনার জেলার সংবাদ পড়তে