জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের কৃতী সন্তান সেলিমা রহমানের এ দায়িত্ব পাওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।
কমিটির সভাপতি হিসেবে সেলিমা রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, সংসদীয় জবাবদিহি নিশ্চিত করা এবং নারী ও শিশুদের কল্যাণে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১-২০০৬ মেয়াদে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি বিএনপির নীতিনির্ধারণী পর্যায়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
পারিবারিকভাবেও সেলিমা রহমান বরিশালের রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত। তিনি সাবেক বিচারপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার মরহুম আব্দুল জব্বার খানের কন্যা। রাজনৈতিক ঐতিহ্যসমৃদ্ধ পরিবারের উত্তরসূরি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। সেলিমা রহমানের নতুন দায়িত্ব পাওয়ার খবরে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ একটি স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়া বাবুগঞ্জের জন্যও গর্বের বিষয়।
এলাকাবাসীর প্রত্যাশা, নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বেগম সেলিমা রহমান নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন এবং সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের এই কৃতী সন্তান জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় বাবুগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আনন্দের বন্যা বইছে।