বলিভিয়ার রাজধানী লা পাজের প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে ভিয়াচা পৌরসভার একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬২ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচারে একটি সেনাঘাঁটির গুদামে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স ও এএফপির। আল জাজিরার বরাতে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে সামরিক ঘাঁটির পাইরোটেকনিক বা আতশবাজি জাতীয় সামগ্রী সংরক্ষণের জন্য নির্ধারিত এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা না গেলেও, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির গুদাম থেকেই এ বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভিয়াচার স্বাস্থ্য পরিচালক রিটা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে জানান, এই দুর্ঘটনায় ১০ থেকে ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং ৬২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন বছরের এক শিশুকন্যাসহ ১৪ জনকে লা পাজের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় সৃষ্ট ধাক্কায় উড়ে যাওয়া জানালার কাচে আশপাশের ডজনেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।