চাঁদপুর পুরানবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমী মহোৎসব ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৪ সেপ্টেম্বর) রাতে পুরান বাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম বলেন, "সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না।" তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে তাদের নিজ নিজ মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন এবং শান্তিতে স্বীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সেটাই তারেক রহমান সরকারের মূল লক্ষ্য। ভবিষ্যতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, যুগে যুগে পৃথিবীতে অনেক মহামানবের আবিভাব ঘটে। আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের আদর্শকে ধারণ করবেন। আমাদের চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং চাঁদপুর-৩ আসনের মাননীয় সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক ভাই সম্প্রীতির চাঁদপুর বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ, চাঁদপুর গড়তে হলে জামায়াত ইসলামকে প্রত্যাখ্যান করতে হবে। কোন অবস্থাতেই বাংলাদেশে জামায়াতে ইসলামের উত্থান ঘটতে দেওয়া যাবে না।
তিনি বলেন, চাঁদপুরে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের মধ্যে যে দীর্ঘদিনের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, তা অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপশক্তি যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ আর শেখ ফরিদ আহমেদ মানিক এমপি অসাম্প্রদায়িক চাঁদপুর দেখতে চাই। পুরান বাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লিটন চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মোশারফ হোসেন। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিসভা মন্দির কমপ্লেক্সের প্রধান ও চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষচন্দ্র রায়। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন: জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ,যুগ্ম সম্পাদকগোপাল চন্দ্র সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি,পরেশ চন্দ্র মালাকার,সাধারণ সম্পাদককার্তিক সরকার,চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি'র কালচারাল অফিসার দিতি সাহা, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৃণাল কান্তি দাস এবং অনুষ্ঠান সহকারী প্রণব সাহা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় কৃতি শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও ব্যাংকারসহ হরিসভা এলাকার গুণিজনদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সুভাষ চন্দ্র রায়, দিতি সাহা,ডিকে মৃণাল, কার্তিক সরকার, মিঠুন ধর, তিথি কর্মকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়ন্তী দেবনাথ ও প্রাপ্তি ঘোষ। অনুষ্ঠানের পর্বে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতিনাট্য পরিবেশিত হয়। সনাতন ধর্মাবলম্বী শত শত মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পুরান বাজার হরিসভা মন্দির কমপ্লেক্সের দুই দিনব্যাপী এই শুভ জন্মাষ্টমী মহোৎসবের প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয়।