রাঙ্গামাটি ইয়ুথ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্য শাশ্বত চাকমা রিংকুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ইয়ুথ স্পোর্টিং ক্লাবের চত্তরে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা ফুলেল শুভেচ্ছার ও সম্মাননা ক্রেষ্ট দেয়ার মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে বরণ করা হয়।
ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সভাপতি অচিরাংসু চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন নুয়েন খীসা, নবগঠিত সদস্য এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য বিল্টু চাকমা, মহিলা সদস্য চন্দ্রা চাকমা, আনন্দ বিহার পরিচালনা কমিটির সভাপতি সমির কান্তি চাকমা, ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রণেন চাকমা প্রমুখ।
সংবর্ধনার জবাবে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার স্পোর্টিং ক্লাবের সংগঠকদের এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, জেলা পরিষদের নতুন নেতৃত্ব রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা এবং তরুণদের ক্রীড়ামুখী করতে কার্যকর ভূমিকা রাখবে। তিনি রাঙ্গামাটির তরুণদের প্রতিভা বিকাশে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে সহযোগিতার আশ্বাস দেন।
সংবর্ধনা অনুষ্টানে বক্তারা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। তাই রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আর রাঙ্গামাটি ইয়ুথ স্পোর্টিং ক্লাব ভবিষ্যতেও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার আহবান জানান। এ সময় ক্লাবের কর্মকর্তা, সদস্য, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।