রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দোকান ভাঙচুর, লুটপাট ও নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ৩ সেপ্টেম্বর কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় মালশিরা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী হিরা বিবি বাদি হয়ে একই গ্রামের রাম বিলাশের পুত্র রাম চরণসহ ১১ জনের নাম উল্লেখ ও ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে তানোর থানায় এজাহার দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে রামচরণ লোকজন ও ভাড়াটিয়া বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফিল্মি স্টাইলে দোকান ভাঙচুর ও লুটপাট করেন। এতে বাধা দিতে গেলে মজিদা বেওয়া নামের এক নারীর শ্লীলতাহানি ও তাকে মাটিতে ফেলে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করা হয়েছে। মজিদা বিবির দাবি তার দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনতাই এবং দোকান ভাঙচুর, ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে তারা।
এছাড়াও নগদ দুলাখ টাকা ছিনতাই ও দোকান ভাঙচুর করায় ৩লাখ টাকার আর্থিক ক্ষতি করেছে রামচরণ বাহিনী। গুরুতর জখম মজিদা বিবি তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে আসামীগণ প্রকাশ্যে হুমকি দিচ্ছে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে, নইলে তাদের হত্যা করা হবে। তাদের প্রকাশ্যে নানামুখী হুমকি ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মজিদা বিবির পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। যোগাযোগ করা হলে অভিযুক্ত রামচরন সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি না হয়ে এড়িয়ে যান। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছ, তদন্ত করে ব্যবস্থা নিতে তানোর থানার এসআই জাহাঙ্গীরকে দায়িত্ব দেযা হয়েছে। তিনি বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।