পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ১০ বোতল এস্কাফ সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন,জগতলা পূর্বপাড়ার মৃত কুরান সরকারের ছেলে মো.শাহ আলম সরকার (৬০) এবং জগতলা কাজীপাড়ার মৃত দিলবর আলীর ছেলে মো. ফজলুল হক (৩৯)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,এদিন রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে,জগতলা গ্রামের মুছা মোল্লার বাড়ির সামনের রাস্তায় দুই ব্যক্তি নেশাজাতীয় এস্কাফ সিরাপ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত সোয়া ১০টার দিকে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। এ সময় শাহ আলমের কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ১০০ মিলিলিটার করে পাঁচ বোতল এবং ফজলুল হকের শপিং ব্যাগ থেকে একই পরিমাণের আরও পাঁচ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে। পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে,মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।