চট্টগ্রাম নগরীর খুলশী থানার পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে কথিত অবৈধ ক্যাসিনো ও জুয়া কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে পাঁচ দেশের ৬৩ জন বিদেশি নাগরিককে পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম জালালাবাদ এলাকার ওই ভবনে অভিযান শুরু করে পুলিশ। পরে পুরো আটতলা ভবন ঘিরে তল্লাশি চালানো হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটিতে লাওস, পাকিস্তান, চীন, ভিয়েতনাম ও নেপালের নাগরিকরা অবস্থান করছিলেন। তাদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের পাঁচজন, নেপালের একজন এবং ভিয়েতনামের একজন রয়েছেন।
অভিযানে এখন পর্যন্ত ১৩১টি মোবাইল ফোন ও ১৭০টি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশের মুদ্রা এবং ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, ভবন থেকে পাওয়া ৬৩ বিদেশি নাগরিকের মধ্যে ৪১ জন পুরুষ, ২১ জন নারী এবং একজন শিশু রয়েছে।
এক মাস ধরে বিদেশিদের আনাগোনা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস ধরে ওই ভবনে বিদেশি নাগরিকদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সময়ে বিদেশিদের আসা-যাওয়া দেখা গেলেও ভবনটির ভেতরে কী ধরনের কার্যক্রম চলছিল, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না স্থানীয়রা।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, ভবনটি ভাড়া নিয়ে সেখানে সংগঠিতভাবে ক্যাসিনো বা জুয়া কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকতে পারে। তবে ভবনটিতে প্রকৃতপক্ষে কী ধরনের কার্যক্রম চলছিল এবং সেখানে থাকা বিদেশি নাগরিকরা কী উদ্দেশ্যে অবস্থান করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া এ কর্মকাণ্ডের সঙ্গে স্থানীয় বা বিদেশি আর কারা জড়িত, ভবনটি কারা ভাড়া নিয়েছিল এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না এসব বিষয়ও তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযান চলমান থাকায় আরও কেউ আটক হয়েছেন কি না, ভবন থেকে কী পরিমাণ অর্থ ও সরঞ্জাম উদ্ধার হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত অভিযান শেষে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।