বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দুদিয়ারপাড় বাতুল আমান জামে মসজিদের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ আসর মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার কোমলমতি শিশুরা ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহ আলম (কমান্ডার), আব্দুল কাদের আকন, আব্দুস সওয়ার সরদার, আব্দুর রব শিকদার, হেমায়েত তালুকদার, সালমান হোসেন রিপন, রহিম হাওলাদার, শহীদী আকন ও মো. বাদশা সরদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেস ক্লাবের সভাপতি সামিমুল ইসলাম সামিম। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মিঠু মীরের সঞ্চালনায় এবং মো. মিজানুর রহমান আকনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের কাছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও ইসলামের নৈতিক শিক্ষা সহজভাবে তুলে ধরা সম্ভব। একই সঙ্গে শিশুদের সততা, শৃঙ্খলা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ বিকাশেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে।
এলাকাবাসী বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধভিত্তিক এমন আয়োজন শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সামাজিক বন্ধন ও ঐক্য সুদৃঢ় করতে সহায়ক। স্থানীয় পর্যায়ে নিয়মিত এ ধরনের আয়োজন হলে নতুন প্রজন্মের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ আরও বিকশিত হবে।