দেবহাটা থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগীতায় অংশগ্রহণের লক্ষ্যে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ে খেলার প্রস্তুতি হিসেবে শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকাল ৪টায় কুলিয়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত বাছাই পর্ব খেলায় উপজেলার সকল কাবাডি খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, ওসি (তদন্ত) রেজাউল করিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, বিএনপি নেতা এ্যাডঃ জাহাঙ্গীর কবির বাবু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম, বিএনপি নেতা গোলাম রসুল খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। দেবহাটা উপজেলার সকল কাবাডি খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত খেলায় কৃতি খেলোয়াড় বাছাই করা হয়। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা ও ঐতিহ্যবাহী খেলা। গ্রামে গঞ্জে এখনো এই কাবাডি খেলা জনপ্রিয় হয়ে আছে। আমাদের সেই ঐতিহ্য ও জাতীয় খেলাকে বাঁচিয়ে রাখতে দেশব্যাপী সকল থানা প্রশাসনের মাধ্যমে এই খেলার আয়োজন করা হয়েছে। ওসি বলেন, আমাদের টিম যেন একটা সম্মানজনক স্থানে যেতে পারে সেজন্য ভাল খেলোয়াড় বাছাই করে একটি সুন্দর টিম গঠন করা হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সবুজ দল ৪১-৩৭ পয়েন্টে লাল দলকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল।
উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশ চ্যাম্পিয়নশীপ কাবাডি প্রতিযোগীতা উপলক্ষ্যে থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে কাবাডি খেলার প্রস্তুতি নেয়া হয়েছে। সেই লক্ষ্যে থানা ভিত্তিক দল প্রস্তুত করার লক্ষ্যে দেবহাটায় এ আয়োজন করা হয়। এদিকে খেলা শেষ চাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন অতিথিরা।