আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে হামের টিকা দান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ১২ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে নারায়ণগঞ্জ রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এ কথা জানান।
তিনি বলেন, হাসপাতালে হাম আক্রান্ত যেসব শিশু আসছে, তাদের বেশিরভাগই ভ্যাকসিন নেয়নি। এ কারণে এখনো হাম হচ্ছে। হাম থেকে শিশুদের সুরক্ষায় ভ্যাকসিন দেওয়ার কোনো বিকল্প নেই। আমরা অতীতের সরকারের মতো বসে থাকব না। আগামী ২৬ তারিখ থেকে সারা বাংলাদেশে আমরা ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে।
মো. সাখাওয়াত হোসেন বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালের অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। সকলের সম্মিলিত সাহায্য ছাড়া স্বাস্থ্যসেবা উন্নত করা সম্ভব নয়।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জে ২০ লাখ মানুষের বসবাস। একটি মাত্র সরকারি হাসপাতালে গড়ে ৪০ হাজার মানুষের জন্য একটি করে বেড বরাদ্দ রয়েছে। তাই ৫০ বেড থেকে ১৫১ বেড নয় এটাকে যেন ২৫১ বেড হাসপাতালে উন্নতি করা হয়। এ সময় কয়েক হাজার মানুষকে ১৩টি আলাদা বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখে বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ঔষধ প্রদান করেন।