কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের আদর্শ বি.এল উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০ মিটার পূর্বদিকে একটি ময়লার ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, গত ৭ সেপ্টেম্বর কে বা কারা নবজাতকটিকে কাপড়ে পেঁচিয়ে ড্রেনের মধ্যে ফেলে রেখে যায়। ওই সময় বিষয়টি কারও নজরে আসেনি। শনিবার(১২সেপ্টেম্বর) বিকেলে ড্রেনের ওই অংশে মাছি ভনভন করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে কাপড় সরালে নবজাতকের মরদেহ দেখতে পান তারা। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় করতে থাকেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মোমেনা বেগম বলেন, আমার বাড়ির সামনেই কয়েকদিন ধরে কাপড়ে মোড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখি। শনিবার বিকেলে আমি, কামরুন নাহার ও মেহেরুন মোড়ানো কাপড় থেকে দূর্গন্ধ এবং মাছি ভন ভন করতে দেখে আশপাশের লোকজনকে জানাই।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নবজাতকটি আড়াই থেকে ৩ মাসের হতে পারে। এ ঘটনায় দ-বিধির ৩১৭ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নবজাতকটির পরিচয়, মৃত্যুর কারণ এবং কে বা কারা মরদেহটি সেখানে ফেলে গেছে-তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।