রং মেশানো মাছ জব্দ করে মাটিচাঁপা, অর্ধলাখ টাকা জরিমানা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম
রং মেশানো মাছ জব্দ করে মাটিচাঁপা, অর্ধলাখ টাকা জরিমানা

রাসায়নিক রং মেশানো প্রায় সাতশ’ কেজি পোয়া মাছ জব্দ করে স্থানীয় লোকজন ও প্রশাসনের উপস্থিতিতে মাটিচাঁপা দিয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় মজিবর রহমান নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট।

মজিবর রহমান বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু গ্রামের মৃত আব্দুল বারেক প্যাদার ছেলে। তিনি দীর্ঘদিন থেকে মাছে রং মিশিয়ে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এর আগে ১৪ সেপ্টেম্বর সকালে মুলাদী বন্দরের পূর্ববাজার পৌর সুপার মার্কেট এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পরাগ সাহা। এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার ও মুলাদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাদা পোয়া মাছকে কৃত্রিমভাবে লাল রঙের করার জন্য ক্ষতিকর রাসায়নিক রং মেশানো হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে বন্দরের পূর্ববাজার এলাকা থেকে প্রায় সাতশ’ কেজি পোয়া মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ নয়াভাঙনী নদীর তীরে গর্ত খুঁড়ে মাটিচাঁপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার জানান, রাসায়নিক রং মেশানো মাছ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধরনের মাছ বাজারজাতকরণ রোধে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানিয়েছেন, খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পরাগ সাহা বলেন, রাসায়নিক রং দিয়ে মাছ বিক্রি করা ক্রেতাদের সাথে বড় ধরণের প্রতারণা। জনস্বাস্থ্যের জন্য হুমকি মাছে রাসায়নিক রং মেশানোর দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থের ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে