প্রাথমিক শিক্ষার্থীদের নিরাপত্তা, জীবনদক্ষতা ও বাস্তবজ্ঞান বাড়াতে বইয়ের পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান শেখাতে বছরজুড়ে ১২টি জীবনঘনিষ্ঠ থিম কারিকুলামে যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে ‘সেফগার্ডিং লিডারশিপ সামিট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, একজন শিক্ষার্থী শুধু বইয়ের জ্ঞান অর্জন করবে না। কীভাবে নিরাপদ থাকতে হয়, কীভাবে দায়িত্বশীলভাবে জীবন পরিচালনা করতে হয় এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে কীভাবে সামলাতে হয়, সেই বাস্তব জীবনদক্ষতাও তাকে শেখানো হবে।
তিনি বলেন, দেশের সব ধরনের প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম নিরাপত্তা ও শিক্ষার মান নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়নের কাজ করছে। তবে যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে নির্ধারিত মানের চেয়ে ভালো ব্যবস্থা করেছে, তারা আরও এগিয়ে যেতে পারবে।
সরকারের লক্ষ্য সম্পর্কে ববি হাজ্জাজ বলেন, সবার জন্য ন্যূনতম মান নিশ্চিত করার পাশাপাশি ভালো উদ্যোগগুলো থেকে শিক্ষা নিয়ে সার্বিক শিক্ষাব্যবস্থার মান আরও উন্নত করা হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।