পুলিশ-জনতা, জনতাই পুলিশ

অপরাধমুক্ত আগৈলঝাড়া গড়ার ডাক ওসি মাসুদ খানের

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৯ পিএম
অপরাধমুক্ত আগৈলঝাড়া গড়ার ডাক ওসি মাসুদ  খানের

কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, আত্মহত্যা, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশ-জনতা জনতাই পুলিশ সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ হলরুমে আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য ছিল- ‘পুলিশ-জনতা, জনতাই পুলিশ’।

সভায় বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান, ওসি (তদন্ত), সাব-ইন্সপেক্টর মাসুদ, সাব-ইন্সপেক্টর তারেক, স্থানীয় সাংবাদিক এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় ওসি মো. মাসুদ খান বলেন, “পুলিশ জনগণের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। প্রতিটি অভিযানে জনগণের দায়িত্বশীল ভূমিকা আমাকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহিত করেছে।”

তিনি বলেন, পরিবার সচেতন হলে সমাজ থেকে মাদক ও অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোরদের বিপথগামিতা ও অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ওসি মাসুদ খান জনগণকে অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। জনগণকে সঙ্গে নিয়ে আগৈলঝাড়াকে অপরাধমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, কিশোরদের বিপথগামিতা রোধ, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে