ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১০ পিএম
ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪

দেশে ডেঙ্গুর প্রকোপে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। আর জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৮ হাজার ৪০০ জন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৫২ জন খুলনা বিভাগে। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯২ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৯০ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন করে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। তারা সবাই প্রাপ্তবয়স্ক।

চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১৭৬ জনের মধ্যে নারীর সংখ্যা ৫২ দশমিক ৬ শতাংশ এবং পুরুষ ৪৭ দশমিক ৪ শতাংশ।

মাসভিত্তিক হিসাবে দেখা যায়, বছরের শুরুতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম ছিল। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে কেউ মারা যাননি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন প্রাণ হারান।

সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। চলতি মাসের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৯ জন। একদিনে সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয়েছে ৮ সেপ্টেম্বর।

চলতি বছরে ডেঙ্গুতে মৃত ১৭৬ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৩ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১০ জন মারা গেছেন। এ ছাড়া খুলনায় ৩২, চট্টগ্রামে ১৬, ময়মনসিংহে ১৮, বরিশালে ১৩, রাজশাহীতে আট, রংপুরে চার এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে।

রোগী ভর্তির হিসাবেও সেপ্টেম্বরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। চলতি মাসে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২২ হাজার ৫৫৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে আগস্টে ভর্তি হয়েছিলেন ২০ হাজার ৫৩৬ জন।

মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪ এবং জুনে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। জুলাইয়ে ভর্তি হন ৯ হাজার ২০৬ জন।

চলতি বছরে হাসপাতালে ভর্তি হওয়া মোট ৫৮ হাজার ৪০০ ডেঙ্গু রোগীর মধ্যে ৫৪ হাজার ৯২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৪১৩ জন।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

আপনার জেলার সংবাদ পড়তে