সুজানগর পৌর বাজারের প্রধান সড়ক দখল করে বসছে পাটের হাট

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৬ পিএম
সুজানগর পৌর বাজারের প্রধান সড়ক দখল করে বসছে পাটের হাট

চলতি মৌসুমে পাবনার সুজানগর পৌর বাজারের প্রধান সড়ক দখল করে বসছে পাটের হাট। এতে বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের পাশা-পাশি সড়কে চলাচলকারী যানবাহনের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।   

জনা যায়, এ বছর সুজানগর উপজেলায় প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয়েছে। সেকারণে চলতি মৌসুমে সুজানগর পৌর বাজারে ব্যাপকভাবে পাট আমদানি হচ্ছে। কিন্তু বাজারে পাটের হাট বসানোর জন্য নির্দিষ্ট কোন জায়গা নেই। তাছাড়া বাজারে রয়েছে চরম জায়গা সঙ্কট। সেকারণে পৌর বাজারের প্রধান সড়ক দখল করে পাটের হাট বসানো হয়। বাজারের ভুক্তভোগী হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন বুধবার ও রোববার পৌর হাটবার। এদিন সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই সড়ক দখল করে পাটের হাট বসানো হয়। এ সময় বাজারে আগত সাধারণ ক্রেতা-বিক্রেতা এবং সড়কে চলাচলকারী বাসসহ বিভিন্ন যানবাহনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় সড়ক দখল করে পাটের হাট বসানোর কারণে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। এতে বাসের যাত্রীদের পাশাপাশি বাজারে আগত ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়া বাজারে জায়গা সঙ্কটের কারণে পাটের পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদেরও দুর্ভোগের শিকার হতে হয়। ভুক্তভোগী পাট চাষী কামরুজ্জামান বলেন, বাজারে পাটের হাট বসানোর কোন নির্দিষ্ট জায়গা নেই। সে কারণে অনেক পাট চাষী পাট বহনকারী যানবাহনের ওপর রেখেই তা বিক্রি করে থাকেন। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন জনগণের দুর্ভোগ লাঘবে শিগগিরই পাটের হাট অন্যত্র স্থানান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে