ঝাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ‘বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭’-এর প্রথম পর্ব। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত উদ্বোধনী রোমাঞ্চকর ম্যাচে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব।
বিকেল সোয়া তিনটায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজন ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বেলুন উড়িয়ে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, বাফুফের ফুটবল ম্যানেজার সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, এডহক কমিটির সদস্য সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক, ফুটবল কোচ জাহাঙ্গীর হোসেন গাজী এবং সাবেক জাতীয় ফুটবলার জাহাঙ্গীর পাটোয়ারী সহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মাঠের লড়াই ও ফলাফল:
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে চমৎকার ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে। প্রথমার্ধেই চালকের আসনে বসে ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব। দলের পক্ষে গাম্বিয়ান ফরোয়ার্ড সোলেইমান শিলা (জার্সি নং ১০) চমৎকার দুটি গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ঢাকা ওয়ান্ডার্স ক্লাব। ম্যাচের ৫২ মিনিটে ওয়ান্ডার্সের অসি অধিনায়ক ভেলি গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন। ম্যাচের ৮৪ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় ওয়ান্ডার্স। কিন্তু ফকিরাপুলের গোলরক্ষককে একা পেয়েও ফাঁকায় বল জালে পাঠাতে ব্যর্থ হন তাদের আক্রমণভাগের খেলোয়াড়। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব।
ভেন্যু ও লিগ সংক্রান্ত তথ্য:
বাফুফে সূত্রে জানা গেছে, দেশের সর্বোচ্চ এই ফুটবল লিগের প্রথম পর্বে মোট ৭৮টি ম্যাচ ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। চাঁদপুর ভেন্যুতে লিগের মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চাঁদপুর ভেন্যুতে আগামী ২৫ সেপ্টেম্বর ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাবের মুখোমুখি হবে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরদিন ২৬ সেপ্টেম্বর লড়াই করবে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব ও আবাহনী লিমিটেড ঢাকা। আগামী ১৬ জানুয়ারি ২০২৭ সালে ঢাকা ওয়ান্ডার্স ও পিডব্লিউডি ক্লাবের ম্যাচের মধ্য দিয়ে চাঁদপুর ভেন্যুর ফুটবল ম্যাচগুলো শেষ হবে। উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর একই দিনে চাঁদপুরসহ দেশের ৫টি ভেন্যুতে (বসুন্ধরা কিংস অ্যারেনা, শহীদ বরকত স্টেডিয়াম-গাজীপুর, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ও শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম-মানিকগঞ্জ) একযোগে এই লিগের শুভ সূচনা হয়।