সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রাশেদ নামে এক ব্যবসায়ীকে সন্ত্রাসী কায়দায় কুপিয়ে মারাত্মক জখম ও হত্যার চেষ্টা চালানো হয়েছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাশেদ কেরালকাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত সোহরাব সরদারের মেঝ ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আহত রাশেদের ভাই রাজু একই এলাকার আবু সাঈদের কাছে পাওনা ২০ হাজার টাকা পেতেন। ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে রাজু পাওনা টাকা তাগাদা দিতে আবু সাঈদের বাড়ির সামনে যান। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে আবু সাঈদ ক্ষিপ্ত হয়ে তার বন্ধু জাকির হোসেনকে ফোন করে ডেকে আনেন। পরে জাকির হোসেনের সঙ্গে আবু সাঈদ, সবুজ হোসেন ও রাকিবুল হাসান নাঈম একজোট হন। একপর্যায়ে জাকির হোসেন পাশে থাকা মাছের ঘেরের গাছ কাটা দা এবং লোহার রড নিয়ে ব্যবসায়ী রাশেদের ওপর অতর্কিত হামলা চালায়। জাকির ধারালো দা দিয়ে রাশেদকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। আহত রাশেদের মা বলেন, "জাকির ধারালো দা নিয়ে এসে হঠাৎ আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপাতে থাকে।
রাশেদের ভাই রাজু জানান, স্থানীয়দের সহায়তায় রাশেদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।