রাজধানীর পল্লবী এলাকায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।
তিনি বলেন, “সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পরিস্থান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সোয়া ৭টার থেকে সাড়ে সাতটার মধ্যে পরিস্থান পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় এই আগুনের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।”
পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে তার এক চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে যেতে দেখেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করেননি বলেও জানান বাসটির বাসটির মালিক।
এদিকে গত শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মিরপুরের দুটি স্থানে, বাড্ডায় ও মাতুয়াইলে বাস এবং দক্ষিণ কেরাণীগঞ্জে একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটে। এছাড়া ময়মনসিংহ ও রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন লাগে। এর আগে শুক্রবারও রাজধানীর সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও একটি বাসে আগুন দেওয়া হয়।