গাজীপুরের কোনাবাড়ীতে সানজিদা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ১১ টার সময় মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই এলাকায় আতংক বিরাজ করছে।
নিহত সানজিদা বরিশাল জেলার কোতোয়ালি থানার উলারবাটনা গ্রামের ওমান প্রবাসী জুয়েল রানার স্ত্রী। তিনি বাবা মায়ের সাথে কোনাবাড়ী আমবাগ এলাকায় আতাউর সরকারের টিনসেড বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আমবাগ আতাউর মার্কেট এলাকায় বাবা-মার সাথে বাসা ভাড়া থাকতো সানজিদা আক্তার। তার স্বামী জুয়েল ওমান প্রবাসী। আজ সকালে এক যুবক ওই ভাড়া বাসায় গিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সানজিদা আক্তার গুরুতর আহত হন। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে । পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সানজিদা আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের ভাইয়ের স্ত্রী সাথী আক্তার বলেন, সকালে এক যুবক নিহত সানজিদার ভাইয়ের খোঁজ করে। পরে এক পর্যায়ে সানজিদাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন,প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে বলে জানান, পুলিশের ওই কর্মকর্তা।