বাঘায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী স্বামী জহুরুল গ্রেফতার

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৮ পিএম
বাঘায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী স্বামী জহুরুল গ্রেফতার

রাজশাহীর বাঘায় স্ত্রী জুসি খাতুনকে (৩০) ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী স্বামী জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ৬ দিন পর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জহুরুল ইসলাম (৪০) বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা গ্রামের ইনছার আলীর ছেলে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার আড়ানী খোর্দ্দবাউসা গ্রামে প্রকাশ্যে নিজ বাড়িতে এই হত্যা কান্ডের ঘটনা ঘটিয়েছেন তার স্বামী জহুরুল। নিহত জুসি খাতুন বাগাতিপাড়া উপজেলা পাঁকা ইউনিয়নের মালিগাছা গ্রামের লুৎফর রহমানের মেয়ে। ওইদিন ৬ জনকে আসামী করে নিহতের পিতা লুৎফর রহমান বাদি হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম ১৬ সেপ্টেম্বর কাজ করে মাঠ থেকে বাড়ি আসেন। এ সময় তার দেড় বছরের সন্তান জায়ান হোসেন কান্নাকাটি করছিল। ছেলেকে জহুরুল তার স্ত্রীকে থামাতে বলে। এর আগে ঋণের কিস্তির টাকা নিতে এসে গালমন্দ করে ফিরে যায় এনজিও মাস্টার। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে খেজুরের গাছ ঝোড়া ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। স্ত্রীকে হত্যা করে বাড়ির পাশে খোর্দ্দবাউসা বাজারের গিয়ে একটি চায়ের দোকানে গিয়ে বলেন ”আমার আগে পিছে কিছুই নেই, আমি আজ থেকে মুক্ত”। এরপর সেখান থেকে সে পালিয়ে আত্নগোপনে ছিল। ৯ বছর আগে তাদের সামাজিকভাবে বিয়ে হয়েছিল। তাদের দেড় বছরের জায়ান হোসেন ও ৭ বছরের জিহাদ হোসেন নামের দুটি সন্তানও রয়েছে। এ বিষয়ে বাঘা থানার (তদন্ত ওসি) সুপ্রভাত মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী আত্নগোপনে থাকা জহুরুলকে গ্রেফতার করে থানায় আনা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে