জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামী। সোমবার বিকেল পৌনে ৫টায় নগরীর বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল ইসলাম এমরুল, নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, জেলা সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ, মহানগর সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, সহকারি সেক্রেটারি, আনোয়ার হাসান সুজন সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ ভীষণ কষ্টে আছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ালে জনজীবনে নতুন সংকটের সৃষ্টি হবে। মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান বক্তারা।