ভোলার দৌলতখানে আলোচিত লিটন হত্যার আসামিদের বিচার দাবি করে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার সময় দৌলতখান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও পরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিহত লিটনের স্ত্রী রিনা বেগম এবং লিটনের বাবা হারুন নায়েব বক্তব্যে বলেন, মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও প্রেমিক শাহাবুদ্দিন লিটনকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। গত ৬ মাসেও লিটন হত্যার দৃশ্যমান বিচার পাইনি। মামলার সকল আসামিদেরেও গ্রেফতার করা হয়নি। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডকে আড়াল করতে এবং ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। মামলার তদন্তকারী কর্মকর্তার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। আমরা তদন্ত সাপেক্ষে এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই। লিটন হত্যার আসামিদের ফাঁসি চাই। উল্লেখ্য, মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম উপজেলার চরখলিফা ইউনিয়ন কলাকোপা গ্রামের নায়েব বাড়ির প্রবাসী মোসলেহ উদ্দিনের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ চরখলিফা ইউনিয়নের নায়েব বাড়িতে লিটন নায়েবকে নির্মমভাবে হত্যার পর তার মরদেহ ইয়াসমিন বেগমের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে বালু চাপা দিয়ে রাখা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত লিটনের বাবা হারুন নায়েব ইয়াসমিন বেগমকে প্রধান আসামি করে দৌলতখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, লিটন নায়েব (৩২) হত্যা মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও অপর আসামি শাহাবুদ্দিনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।