নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের সদস্যরা এবং কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর বটতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ভবন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আটককৃতদের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।